বিরোধীদলের কঠোর আপত্তির মধ্যেই সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল কণ্ঠভোটে পাস হয়েছে। এর প্রতিবাদে জাতীয় মানবাধিকার কমিশন বিলের ওপর আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল।
রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে তিনটি বিল নিয়ে আলোচনায় বিরোধিতা করে বিরোধীদল। শুরু থেকেই এসব বিল নিয়ে তাদের আপত্তি ছিল বলে জানা গেছে।
সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আপত্তি
সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলের পক্ষ থেকে বলা হয়, এটি কোরআন ও সুন্নাহবিরোধী আইন। এ আইন কার্যকর হলে সমাজে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিলটি আরও যাচাই-বাছাই করার দাবি জানায় তারা।
তবে আইনমন্ত্রী বলেন, সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল হেবা বা মুসলিম আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। বরং এই আইনে বাবা-মায়ের অধিকার সংরক্ষণ করা হয়েছে। তিনি বলেন, সকল বাংলাদেশি এই আইনের সুবিধা পাবেন।
এরপর জাতীয় মানবাধিকার কমিশন বিলের ওপর আলোচনা শুরু হলে বিরোধীদল জানায়, তারা এই বিলের আলোচনায় অংশ নেবে না। পরে বিরোধীদলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।
বিরোধীদলের আপত্তির মধ্যেই পরবর্তী সময়ে জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল কণ্ঠভোটে পাস হয়।