সংসদের অতীতের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (৭ মার্চ) দুপুরে দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২৯৬ জনের মধ্যে ২১৯ জনই নতুন। তারা যাতে সংসদে সঠিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন, সে বিষয়েই এই প্রশিক্ষণে আলোচনা করা হয়েছে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে, নতুন সংসদের কার্যক্রম দেখে জাতি বলবে—এটাই সেই সংসদ, যেটি তারা প্রত্যাশা করেছিল।
তিনি আরও বলেন, অতীতে সংসদে যে নেতিবাচক সংস্কৃতি তৈরি হয়েছিল, তা মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করবে বিএনপি।
নতুন সংসদ সদস্যরা যাতে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে জাতীয় সংসদ–এর ত্রয়োদশ অধিবেশন। এ অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের জন্য দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি, যা শনিবার শেষ হয়েছে।