নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে তারাবো পৌরসভার যাত্রামুরা এলাকায় তারাবো পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেন। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের প্রধান অঙ্গীকার হলো জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধিকার নিশ্চিত করা।
তারা আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, জেলা ওলামা দলের সদস্য হাজী পনির ভূঁইয়া, তারাবো পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, তারাবো পৌর যুবদল নেতা মামুন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাবারক বিতরণ করা হয়।