বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি জনস্বার্থমূলক রিট দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন।
রিট আবেদনে চুক্তিটিকে সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, চুক্তিতে ১৩১ বার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা উল্লেখ থাকলেও বাংলাদেশের স্বার্থের কথা বলা হয়েছে মাত্র ৬ বার।
আবেদনে আরও অভিযোগ করা হয়, চুক্তির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।
চুক্তির বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিটে বলা হয়, এতে বাংলাদেশের ওপর অসামঞ্জস্যপূর্ণ দায় চাপানো হয়েছে, প্রতিকূল শুল্ক ব্যবস্থা আরোপ করা হয়েছে এবং নিয়ন্ত্রক স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার সম্ভাব্য ক্ষতির বিষয়টিও তুলে ধরা হয়েছে।
রিটে চুক্তিটির সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রিটকারী আইনজীবী মাইদুল ইসলাম পলক জানান, বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হবে।