জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্ত হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিনি বলেন, “না হলে আমাদের দায়িত্ব দিন, আমরা সীমান্ত হত্যা বন্ধ করব। অস্ত্র না থাকলেও বাঁশ হাতে নিয়ে সীমান্তে প্রস্তুত থাকব। কোনো ভারতীয় বাহিনীকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।” মঙ্গলবার দুপুরে আমঝোল সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, “বিএসএফ গুলি করে বাংলাদেশিদের হত্যা করছে, আর বিজিবি শুধু প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় বক্তব্য তুলে ধরছে। বাংলাদেশের মানুষকে চোরাচালানকারী হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। সীমান্তের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার।” তিনি আরও বলেন, “আমরা যদি ভবিষ্যতে সরকার গঠন করতে পারি, তাহলে সীমান্তে নিহতদের জন্য বিশেষ ফাউন্ডেশন গঠন করা হবে এবং সরকারিভাবে ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।”
পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সরকারকে “রেড অ্যালার্ট” জারির আহ্বান জানান। একই সঙ্গে সীমান্তবাসীদের সংঘবদ্ধ হয়ে পাহারা দেওয়ারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, “ভারত থেকে যেন কাউকে পুশইন করা না যায়, সে জন্য সীমান্তবাসীকে রাতে বাঁশ নিয়ে পাহারা দিতে হবে। রোহিঙ্গা সংকটের পর নতুন কোনো সংকট বাংলাদেশ নিতে চায় না।” বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন না হলে এই সরকার টিকতে পারবে না। সরকার এখনো নতুন কিছু সৃষ্টি করতে পারেনি।”
সাংবাদিক নির্যাতনের অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগে সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাত শেখ হাসিনার সরকার, এখন করছে বর্তমান সরকার। সব সাংবাদিকের বিরুদ্ধে থাকা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।”
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৪ মে আমঝোল সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে খাদেমুল নামে এক বাংলাদেশি যুবক নিহত হন।