জাতীয়

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের: সেতুমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৬, ১৪:০৯
PostImage

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে।


সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অর্থায়নসহ অন্যান্য প্রস্তুতি চলছে।


সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, “গতবার ঈদযাত্রায় যেসব ব্যত্যয় হয়েছিল, এবার আরও বেশি মনোযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে সেগুলো নিরসনের লক্ষ্যেই আজকের সভা অনুষ্ঠিত হয়েছে।”

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাবনা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, “হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুর জন্য তিনটি প্রস্তাব রয়েছে। এর মধ্যে একটি হলো আপনার উল্লেখ করা রুট। আমরা বলতে পারি, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দিকেই এগোচ্ছি।”


তিনি আরও বলেন, “ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অর্থায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য প্রাক-প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।” বর্তমান পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে সংযুক্ত করেছে। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার এবং দুই প্রান্তের উড়ালপথসহ মোট দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। ৩০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত দেশের বৃহত্তম এই অবকাঠামো প্রকল্পটি ২০২২ সালে উদ্বোধন করা হয়।