জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা চলতে থাকলে সেই দেশের সঙ্গে প্রকৃত বন্ধুত্ব সম্ভব নয়। কাঁটাতারের বেড়া দিয়ে কখনো বন্ধুত্ব গড়ে ওঠে না বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত “শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ” শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে। নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সঙ্গে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারও সঙ্গে বন্ধুত্ব করা যায় না।”
তিনি আরও বলেন, “একদিন সেই দেশের জনগণই এই কাঁটাতার উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করবে।” সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ হলে জনগণই সেই দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে। নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়েও সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের জনগণের ন্যায্য পানির অধিকার আদায় করতে হবে। সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
শাপলা চত্বরের ঘটনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “শাপলা গণহত্যার বিচার না হওয়ায় পরবর্তীতে আরও গণহত্যার পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করে হেফাজতের নেতাকর্মীদের সন্ত্রাসী ও জঙ্গি হিসেবে প্রচার করা হয়েছিল।”