রাজনীতি

রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৬, ১২:৩৬
PostImage

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন,


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার (১৫ মে) সকালে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আকরাম হোসাইন।

মাওলানা আবদুল জব্বার বলেন, ইসলাম মানবতার মুক্তির সনদ। মানব জীবনের সব সমস্যার সমাধান কেবল আল কুরআনের মধ্যেই রয়েছে। কুরআনের বিধানই সমাজের সব বৈষম্য দূর করে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, নারায়ণগঞ্জ জেলার প্রতিটি পাড়া-মহল্লায় জামায়াতে ইসলামীর শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে।

মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, জুলাই বিপ্লবের মূল প্রত্যাশা ছিল পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ গঠন। কিন্তু নির্বাচনের পর ক্ষমতাসীনদের আচরণে জনগণ হতাশ হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতার জবাব জনগণই দেবে।


আনোয়ার হোসেন মোল্লা বলেন, রূপগঞ্জে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের যে সংস্কৃতি আবার শুরু হয়েছে, তা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে জনগণ আবারও রাজপথে নামবে এবং নিজেদের অধিকার আদায়ে আন্দোলন গড়ে তুলবে।

সম্মেলনের শেষপর্বে নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন— উপজেলা চেয়ারম্যান পদে আবদুল মোতালিব ভূইয়া এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন।

এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে কায়েতপাড়ায় অ্যাডভোকেট আবদুস সামাদ মোল্লা, দাউদপুরে কামারুজ্জামান কামাল, মুড়াপাড়ায় হাফেজ ফেরদাউসুর রহমান, ভোলাবে অ্যাডভোকেট রায়হান ইসলাম এবং ভুলতায় মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার নাম ঘোষণা করা হয়।