জাতীয়

অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২৬, ১৩:৩৭
PostImage

অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা এবং অলিগার্কদের আধিপত্য ভেঙে দেওয়া বিএনপি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য


অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা এবং অলিগার্কদের আধিপত্য ভেঙে দেওয়া বিএনপি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “আমি এখানে কোনো প্যানেল আলোচক হিসেবে আসিনি। বরং সরকারের লক্ষ্য, প্রতিশ্রুতি এবং অঙ্গীকার তুলে ধরতেই উপস্থিত হয়েছি।” তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করতে চায়, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করবে।

মন্ত্রী আরও বলেন, “এই সেশনের মূল প্রতিপাদ্য হলো— ঝুঁকি মোকাবিলা, স্থিতিস্থাপকতাকে কাজে লাগানো এবং নতুন উদ্যম ও সঠিক দিকনির্দেশনা নিয়ে এগিয়ে যাওয়া। আমি মনে করি, এটি আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের মানসিকতার প্রতিফলন।”


তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময় পার করলেও দেশের অর্থনীতি ও বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনা সৃষ্টিতে দৃঢ়প্রতিজ্ঞ। সরকারের লক্ষ্য হচ্ছে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। এর আগে সকালে যুবদলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “অর্থনীতির সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং অলিগার্কদের প্রভাবমুক্ত অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।”

তিনি আশা প্রকাশ করে বলেন, তারেক রহমান-এর ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণ নেতৃত্বকে সামনে এনে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।