আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র পদে মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট তারিকুল ইসলামের পক্ষে নগরবাসীর সমর্থন কামনা করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি তারিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই তাদের পথচলা শুরু এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তারা একসঙ্গে সক্রিয় ছিলেন।
স্ট্যাটাসে তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে তারিকুল ইসলাম ৪৮ দিন কারাগারে কাটিয়েছিলেন, তবে সেই অভিজ্ঞতা তার মনোবল ভাঙতে পারেনি। বরং বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি নিজের দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন।
তারিকুল ইসলাম সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনি শুধু একজন প্রার্থী নন, বরং একটি পরিবর্তনের প্রতিশ্রুতি। তার অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা কুমিল্লা নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি বিশ্বাস করেন।
নগরবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, তারিকুল ইসলামের পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন দেওয়ার মাধ্যমে এই পরিবর্তনের যাত্রায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে প্রার্থীর জন্য শুভকামনা জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সংগ্রামের পথ শেষ পর্যন্ত বিজয়ের দিকেই এগিয়ে যাবে।