একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে দেশ গঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে জনগণকে বিভ্রান্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
বুধবার (৩ জুন) দুপুরে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ-এ নবগঠিত রুহিয়া উপজেলা উপলক্ষে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের নির্বাচিত হওয়া জাতির জন্য গর্বের বিষয়। উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের এই সময়ে কিছু গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের বিভিন্ন দাবি ও প্রত্যাশা ধাপে ধাপে পূরণ করা হবে, তবে এ জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। তরুণদের উদ্দেশে তিনি মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে যুবসমাজকে দক্ষ, শিক্ষিত ও সচেতন হতে হবে। খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড এবং নেতৃত্ব বিকাশের মাধ্যমে তরুণদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
এর আগে মন্ত্রী নবগঠিত রুহিয়া উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানে তাকে পুষ্পবৃষ্টি ও লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।