জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তাঁর। সফর শেষে ২৫ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হয়েছিল। এ সময় নিউইয়র্কের পাশাপাশি সানফ্রান্সিসকো সফরের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সফরসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকাও ছোট করা হয়েছে। অতীতের সরকারগুলোর তুলনায় ছোট প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার মধ্য দিয়ে কৃচ্ছ্রসাধনের বিষয়টি তুলে ধরা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনা ও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোর মধ্যে রয়েছে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা।
এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশ রোহিঙ্গা সংকটসহ একাধিক বিষয়ে আলোচনা আয়োজন করছে।
নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে।
সম্ভাব্য বৈঠকের তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্ল্যান্কোভিচ এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান আল সৌদ।
এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের প্রস্তুতিও চলছে।