বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এখন সেই লুটপাটের টাকা ভোগ করতে না পেরে দেশে আসার কথা বলছে। দেশে ফিরলে শেখ হাসিনার বিচার হবে এবং তাকে ফাঁসির মুখোমুখি হতে হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, “মাঝে মাঝে শুনি, উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন। এসব কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যারা ফ্যাসিস্ট আমলের, যারা লুকিয়ে আছে, তারা যাতে পুলকিত হয়—এ কারণেই এসব কথা বলা হচ্ছে।” শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, “আমরা তো বলি, আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব, সঙ্গে দুটি হাতকড়া থাকবে। হাতকড়া পরিয়ে আপনাকে রিসিভ করা হবে। বাংলাদেশের মানুষের ওপর আপনি যে মানবতাবিরোধী ও অমানবিক আচরণ করেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষা করছি।”
তিনি আরও বলেন, “আমরা পার্শ্ববর্তী দেশকে অনুরোধ করেছি, অতিসত্বর শেখ হাসিনাসহ তার যেসব দোসর পালিয়ে আছেন, তাদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক।” রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। জনগণের অধিকার হরণ এবং জনগণের টাকা লুটপাটের বিচার সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করতে চায় সরকার।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।