প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনামলে রাতের আধারে আদালত বসিয়ে আইনের নামে বেআইনি শাসন পরিচালনা করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন ও ই-বেইল বন্ড ব্যবস্থার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, আদালত মানুষের হয়রানির জায়গা নয়, বরং আস্থার জায়গা। ই-বেইলবন্ড চালুর মাধ্যমে জামিনপ্রক্রিয়ায় হয়রানি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতে বিচারব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের শাসনের পর জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বগুড়া কোর্ট ভবন নির্মাণে ১৫ লাখ টাকা এবং আইনজীবী সমিতির লাইব্রেরির জন্য ৫ লাখ টাকা—মোট ২০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এর আগে তিনি জেলা আইনজীবী সমিতির ভবনের ফলক উন্মোচন ও ই-বেইলবন্ড কার্যক্রম চালুর পাশাপাশি নবগঠিত বগুড়া সিটি করপোরেশনেরও উদ্বোধন করেন।